---

হিদায়ার দরসে হযরত নদভী সাহেব হাফিজাহুল্লাহ

রবিউল হাসান আরিফ


আমরা তখন জামাতে সিওমে। হিদায়া সানির সবক পড়াতেন সম্মানিত উস্তাত আল্লামা মুফতী আবু তাহের নদভী সাহেব হুজুর (কানাল্লাহু লাহু)। দিনটি ছিল শনিবার। দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে নির্দিষ্ট সময়ের অল্পকিছুক্ষণ আগে হুজুর তড়িঘড়ি করে সফরের ভীষণ গ্লানি ভার করে চলে আসেন ইলমে দীন অন্বেষণে ও নববীর আদর্শে আদর্শবান হতে সুস্বপ্ন নিয়ে আজিজী কাননে সমবেত হওয়া জ্ঞান পিপাসুদের পানে। ছাত্রসংখ্যা তদারকির পর স্নেহের সুরে বললেন, বাবারা! কেউ একজন মতন পড়ো। অতঃপর ইবারত পাঠ শেষ হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হযরতওয়ালা অমূল্য বাণী শোনান যে, দেখো! আমি জামিয়ার অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে ব্যস্ত। দু’দিন ধরে সফর করতে হয়েছে। এমনকি গাড়ি থেকে নেমে সোজা হিদায়ার ঘণ্টায় চলে আসি। আজ হিদায়া সানির দারস দিচ্ছি বহুবছর ধরে। চাইলেই পাঠদান বিশ্লেষণে মনোযোগী হতে পারি। তবে দারস হবে না!
ছাত্রদের মনে তখন প্রশ্নের কৌতূহল ঘুরপাক খাচ্ছিলো এর কারণ জানতে। হুজুর ব্যখ্যায় বলেন যে, আমি মুতালাআ করিনি। করার সুযোগ হয়নি। যদি তোমাদের বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখো! কিন্তু আজকের দিনে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ভিন্ন সবক দিতে চাই। তা হলো—আমাদের আকাবিরগণ কখনো সবক মুতালাআ (অধ্যয়ন) করা ছাড়া দারস দেওয়ার দুঃসাহস করতেন না। ইচ্ছে করলে অসম্ভব নয়। ওনাদের যোগ্যতার কোনো ঘাটতি ছিলো না। তার অন্যতম কারণ হলো, ইলমে নববীর সমস্ত দারস-তাদরীসে রব্বে কারীমের বিশেষ বারাকাহ এবং রহমত থাকে। যাঁর ফলে শিক্ষার্থীদের জন্য এক অনন্য প্রভাব বিস্তার করে, তা ব্যাপকভাবে ফলপ্রসূ হয়। যেমনটা পূর্বাধ্যয়নবিহীন সবকে থাকে না!
যার কুফলে তালেব ইলমদের কাছে সেই সবক অস্পষ্ট রয়ে যায় বলে পরিলক্ষিত। তা থেকে পরবর্তী সময়ে তেমন ইস্তিফাদা করতে পারা যায় না। অতঃপর হযরতওয়ালা বলেন, হে আমার প্রিয় স্নেহধন্য ছাত্ররা! একথা আজীবন মনে রেখো যে, ভবিষ্যতে আলেম হয়ে পৃথিবীর যেকোনো প্রান্তে ইলমে নববীর প্রচার প্রসার বিশেষত কিতাবাদী দারস দেওয়ার ক্ষেত্রে মুতালাআকে গুরুত্ব দেওয়া অপরিহার্য। ছোট-বড় যেই কিতাব হোক না কেনো, এমনকি উর্দু কায়দাতেও পূর্বমুতালাআ প্রয়োজন। অগ্রীম মুতালেআবিহীন পড়াতে যেয়ো না।
তালীমের পাশাপাশি তারবিয়্যতেরও নিতান্ত প্রয়োজন। সেজন্য এই তরবিয়াতের সবক যা এখন দিয়ে যাচ্ছি ফরয হিসেবে আমলে নেওয়ার প্রচেষ্টায় থাকবে—যদি একজন সত্যিকারের সফল আলেমে রব্বানী হতে ইচ্ছে থাকে। তাহলে তোমাদের ওপর আল্লাহর রহমত হারদম সঙ্গ ছাড়বে না—ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইলমে দীনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করুন আমীন।

 

লেখক : ছাত্র, তাকমিল, জামিয়া ইসলামিয়া পটিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ